আদালত অবমাননায় প্রশান্ত ভূষণকে এক রুপি জরিমানা!

আপডেট : ৩১ আগস্ট ২০২০, ০১:৪৫ পিএম

ভারতে আদালত অবমাননা মামলায় প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণকে ১ রুপি জরিমানা করা হয়েছে। 

জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে অথবা তিন বছরের জন্য তিনি আইনজীবী হিসেবে কোনও মামলায় অংশগ্রহণ করতে পারবেন না।

আনন্দবাজার পত্রিকা জানায়, আলোচিত প্রশান্ত ভূষণ মামলায় সোমবার এই নির্দেশ দিল দেশটির সুপ্রিম কোর্ট।

আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে জরিমানা হিসেবে এই এক রুপি দিতে প্রশান্ত ভূষণকে নির্দেশ দিয়েছে আদালত।

তার দু’টি টুইটের জেরে গত ১৪ আগস্ট প্রশান্ত ভূষণকে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করে ভারতের শীর্ষ আদালত। ২১ তারিখ তার শাস্তি ঘোষণার কথা থাকলেও ২০ আগস্ট তাকে ক্ষমা চাওয়ার জন্য সময় দেওয়া হয়।

কিন্তু ক্ষমা চাইতে রাজি হননি প্রশান্ত ভূষণ। বরং এই আইনজীবী বলেছিলেন, আদালত যে শাস্তি দেবে তা তিনি মাথা পেতে নেবেন। তারপর আজ সোমবার সেই মামলায় রায় দিল সু্প্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম তেহেলকা’র সাংবাদিক তরুণ তেজপালকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিচারপতিদের সম্পর্কে তার মন্তব্য নিয়ে ২০০৯ সালের একটি মামলা দায়ের হয় প্রশান্ত ভূষণের বিরুদ্ধে।

সুপ্রিম কোর্ট তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিলে রাজি হননি তিনি। প্রশান্ত ভূষণ পাল্টা যুক্তি দেন যে, মত প্রকাশের স্বাধীনতা তার গণতান্ত্রিক অধিকার। সেই অধিকারেই তিনি টুইটে নিজের মত প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত