সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে হেমায়েতপুর মুসলিমপাড়া এলাকার শিহাব ভান্ডারির মালিকানাধীন ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- পাবনা জেলার আতাইকুলা থানার শিমুল চাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩৯) ও রাজবাড়ি জেলার পাংশা থানার পাট্টা গ্রামের মৃত মঞ্জুর মণ্ডলের ছেলে মিজানুর রহমান (৩৭)। তারা উভয়েই সাভারের হেমায়েতপুরের মুসলিমপাড়া এলাকায় শিহাব ভান্ডারি ও সাহেদ সরকারের বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ জানায়, সোমবার রাতে হেমায়েতপুরের মুসলিম পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিহাব ভান্ডারির মালিকানাধীন ভাড়া বাড়ির কক্ষ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় ওই কক্ষের ভাড়াটিয়া রবিউল ও তার সহযোগী মিজানুরকে আটক করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, আগ্নেয়াস্ত্রসহ আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে স্বীকার করেছে। আটকের বিরুদ্ধে মামলা দায়ের করে রিমান্ড চেয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
