বরগুনার রিফাত হত্যা মামলা: ৩ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১০:১৯ পিএম

বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় তিন আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।

মঙ্গলবার বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামানের আদালতে এ যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এদিন বিকাল ৪টায় যুক্তিতর্ক চলমান রেখে আদালত মুলতবি ঘোষণা করেন বিচারক।

 মঙ্গলবার আরও এক আসামির পক্ষে আংশিক যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এ নিয়ে রিফাত হত্যা মামলায় ৪ আসামির পক্ষে সম্পূর্ণ ও এক আসামির পক্ষে আংশিক যুক্তিতর্ক উপস্থাপন করা হলো।

জানা গেছে, মামলার ২ নম্বর আসামি আল-কাইয়ুম রাব্বির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী হুমায়ুন কবির, ৩ নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাতের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী নাসির উদ্দিন এবং ৮ নম্বর আসামি রাফিউল ইসলাম রাব্বির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী মাসুদ খান ও নাসির উদ্দিন।

এছাড়াও মামলার ৪ নম্বর আসামি রেজোয়ান আলী খান হৃদয়ের পক্ষে আংশিক যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী লুৎফর রহমান ও অলিউল্লাহ সবুজ। এর আগে গত ৩১ আগস্ট মামলার ১ নম্বর আসামি রিফাত ফরাজীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।

বরগুনার জেলা ও দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ভুবন চন্দ্র হাওলাদার সাংবাদিকদের বলেন, প্রাপ্তবয়স্ক আসামিদের পক্ষে আইনজীবীরা আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। সব আসামির পক্ষে যুক্তিতর্ক শেষ হলে বিচারক এ মামলার রায়ের জন্য দিন ধার্য করবেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন বন্ড ও তার সহযোগীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে রিফাত শরীফকে গুরুতর আহত করে। এরপর বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে তারা। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই মারা যান রিফাত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত