সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহসম্পাদক এনামুল হক বিজয় হত্যা মামলার অন্যতম আসামি জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আল-আমিনকে (২৬) ডিবি পুলিশ গত সোমবার রাতে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার থেকে গ্রেপ্তার করেছে।
সিরাজগঞ্জ জেলা ডিবি পুলিশের ওসি মিজানুর রহমান জানান, ছাত্রলীগ নেতা বিজয় হত্যা মামলায় আল-আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
গত ২৬ জুন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ আয়োজিত এক দোয়া মাহফিলে যোগদানের জন্য যাওয়ার সময় শহরের বাজার স্টেশন এলাকায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহসম্পাদক ও কামারখন্দ সরকারি হাজি কোরপ আলী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি এনামুল হক বিজয়। এর নয় দিন পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
