স্বাস্থ্যের সেই আবজাল ১৪ দিনের রিমান্ডে

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১১:১৫ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের আবজাল হোসেনের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ছত্রিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা দুই মামলায় বুধবার ঢাকা  মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ আদেশ দেন।

২৬ আগস্ট আবজাল হোসেন আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। ওই দিনই দুই মামলায় দুদক আবজালের ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত রিমান্ড শুনানির জন্য বুধবার দিন ধার্য করে দেন।

এদিন রিমান্ড শুনানিকালে আবজাল হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুদকের পক্ষে মোশাররফ হোসেন কাজল, মাহমুদ হোসেন জাহাঙ্গীর রিমান্ড মঞ্জুরের আবেদন করেন।

আসামিপক্ষে আইনজীবী শাহিনুর ইসলাম রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। উভয়পক্ষে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

এদিকে মামলা দুইটির মধ্যে একটিতে আবজাল হোসেন একা আসামি এবং অপর মামলায় তার স্ত্রী রুবিনা খানম যৌথভাবে আসামি।

গত বছর ২৭ জুন দুদক উপপরিচালক তৌফিকুল ইসলাম বাদী হয়ে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ কার্যালয়ে অবৈধ সম্পদ অর্জন, মানিলন্ডারিং এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দুটি করেন।

মামলা দুটিতে আবজাল দম্পতির বিরুদ্ধে ৩৬ কোটি ৩০ লাখ ৬১ হাজার ৪৯৩ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। মামলায় দীর্ঘ সময় ধরে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে ২৮৪ কোটি ৫১ লাখ ১৩ হাজার ২০৭ টাকার মানিলন্ডারিং অপরাধের অভিযোগও করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত