দুই সন্তানসহ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি।
টাইমস অব ইন্ডিয়া জানায়, ৮৩ বছর বয়সী এই মিডিয়া টাইকুন বুধবার নিজেই তার করোনায় আক্রান্ত হওয়ার খবর দেন
বার্লুসকোনি বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন। করোনায় আক্রান্ত হলেও মনোবল কমেনি তার। তিনি ভালো এবং সুস্থ আছেন বলে স্থানীয় এক সূত্রে জানা গেছে।
তার ভাই পাওলো বার্লুসকোনি বলেন, কীভাবে তিনি করোনায় আক্রান্ত হলেন তা ধারণা করতে পারছি না। শুধু তিনি নন, তার দুই সন্তান লুইজি ও বারবারাও করোনায় আক্রান্ত হয়েছে।
মিলানের সান রাফায়েল হাসপাতালের চিকিৎসক আলবার্তো জাংরিলো জানান, বার্লুসকোনির ভাইরাস সংক্রমণের কোনও উপসর্গ ছিল না। তিনি কিছুদিনের জন্য সার্ডিনিয়ায় ছিলেন। সেখানে ছুটি কাটাচ্ছিলেন। বাড়িতে ফিরে আসার পর কভিড টেস্ট করানোর সিদ্ধান্ত নেন। তখন তার ফল পজিটিভ আসে।
করোনা পরিস্থিতিতেও দেশের বিভিন্ন প্রান্তের পর্যটক ভিড় করেছিলেন ভূমধ্যসাগরের এই দ্বীপে। ফলে আগস্টে সার্ডিনিয়ায় করোনা সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যায়। সেখান থেকে ফিরে আসার পর তাই করোনা টেস্ট করিয়ে নেওয়ার প্রয়োজন অনুভব করেন এই মিডিয়া টাইকুন।
মিলানের কাছে আর্কোরের বাড়িতে বসেই তিনি যাবতীয় কাজকর্ম করছেন। চলতি সেপ্টেম্বরেই সেখানে স্থানীয় নির্বাচন রয়েছে। তার দল ফোরজা ইতালি পার্টির প্রার্থীদের সমর্থনে কাজ করছেন বার্লুসকোনি।
ইতালির চারবারের প্রধানমন্ত্রী ছিলেন বার্লুসকোনি। ২০০৮-২০১১ মেয়াদে সর্বশেষ প্রধানমন্ত্রীর দায়িত্বপালন করেন তিনি। সেসময় যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে বিতর্কিত হয়ে পড়েছিলেন বার্লুসকোনি। যৌন কেলেঙ্কারি আর কর ফাঁকির মামলায় সাজাও হয় তার।
