‘আমি সত্যি এই দুনিয়ার যোগ্য না’ লিখে বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৭:১৭ পিএম

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আব্দুর রহিম (২৫) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে নিজ বাড়ির একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

মানিকগঞ্জ সদর থানার ওসি আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুর রহিমের বাড়ি মানিকগঞ্জ শহরের দক্ষিণ সেওতা এলাকায়। করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তিনি মানিকগঞ্জে পরিবারের সঙ্গেই বসবাস করছিলেন।

আত্মহত্যার পূর্বে তিনি একটি চিরকুট লিখে গেছেন। লেখাটি আব্দুর রহিমের নিজ হাতের লেখা বলে নিশ্চিত করেছেন তার সহপাঠী এবং পরিবারের সদস্যরা। চিরকুটে লেখা রয়েছে 'আম্মু-আব্বু। আমি সত্যি পারলাম না তোমাদের স্বপ্ন সত্যি করতে। আমাকে মাফ করে দিও। এই দুনিয়াটা আমার আর ভালো লাগছে না, তাই চলে যাচ্ছি। আমার পরিচিত মানুষগুলোকে আমার মৃত্যুর খবরটা জানিয়ে দিও। সবাইকে বলো, আমাকে যেন মাফ করে দেয়। আমি সত্যি এই দুনিয়ার যোগ্য না। লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)।'

মামলার তদন্তকারী কর্মকর্তা মানিকগঞ্জ সদর থানার এসআই সৈয়দ আযহারুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটানস্থলে যাই।  বুধবার বিকেল ৫.৫৫ মিনিটে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করি। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করি। বুধবার রাতেই তার দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত