ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৪ এএম

হাবিবুর রহমান মোল্লা ও ইসরাফিল আলমের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৭ অক্টোবর ইভিএম পদ্ধতিতে এ দুই আসনে ভোট হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষদিন ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ সেপ্টেম্বর (রবিবার)। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৭ সেপ্টেম্বর (রবিবার)। প্রতীক বরাদ্দ ২৮ সেপ্টেম্বর (সোমবার)।

মো. আলমগীর বলেন, স্বাস্থ্যবিধি মেনে ভোট নেওয়া হবে। ভোটের প্রচারেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা জারি করা হবে।

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে (ঢাকা অঞ্চল), সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে থানা নির্বাচন অফিসার ডেমরা ও থানা নির্বাচন অফিসার মতিঝিলকে।

নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তাকে এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন নিয়ামতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা।

এর আগে ৬ মে বার্ধক্যজনিত কারণে সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা মারা গেলে ঢাকা-৫ আসনটি শূন্য হয়। গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে মারা যান। ফলে এ আসনটিও শূন্য হয়।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদের চার দফা অনুযায়ী সংসদ ভেঙে যাওয়া ছাড়া অন্য কোনো কারণে সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। তবে কোনো দৈব-দুর্বিপাকের কারণে ইসি আরও ৯০ দিনের মধ্যে এ নির্বাচন করতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত