বরিশালের হিজলা উপজেলার মাউলতলা গ্রামে বাবাকে হত্যার অভিযোগে দুই ছেলেকে আটক করেছে পুলিশ। আটক দুই সহোদর হচ্ছে মো. জাহিদ হাওলাদার (৩৩) ও মো. রাকিব হাওলাদার (২০)।
শুক্রবার দুপুরে নিহত আনিস হাওলাদারের (৬৫) মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৯ টার দিকে পারিবারিক বিষয় নিয়ে জাহিদ ও রাকিবের মধ্যে ঝগড়া হয়। যা একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে মারামারিতে রূপ নেয়। তাদের বাবা দিনমজুর আনিস হাওলাদার ছেলেদের নিবৃত্ত করতে আসেন। এ সময় তিনি ছেলেদের লাঠালাঠিতে আঘাতপ্রাপ্ত হন। এতে তিনি অসুস্থ হয়ে পরেন। পরে রাতেই আনিস হাওলাদারের মৃত্যু হয়।
শুক্রবার দুপুরে ১২ টার দিকে সন্তানরা তার মরদেহের জানাজা শেষে দাফন দেয়ার ব্যবস্থা করেন। এ সময় স্থানীয়রা বিষয়টি থানা-পুলিশকে জানায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করেন। যেখানে মৃত আনিস হাওলাদারে শরীরে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া পায়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। পাশাপাশি ঘটনার সঙ্গে সম্পৃক্ত দুই ছেলে জাহিদ ও রাকিবকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি।
