ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে ইউরোপের দুই দেশ কসোভো এবং সার্বিয়া। দেশ দুটি জেরুজালেম শহরে নিজেদের দূতাবাস খুলছে বলে জানিয়েছে রয়টার্স। ওয়াশিংটনে সার্বিয়া এবং কসোভোর নেতাদের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরপরই নেতানিয়াহু ওই দেশ দুটির দূতাবাস খোলার কথা জানান। হোয়াইট হাউজের ওই বৈঠকে সার্বিয়া এবং কসোভো নিজেদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে একমত হলে ট্রাম্প সেই আনুষ্ঠানিক ঘোষণা দেন। নেতানিয়াহু বলেন, ‘মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রথম দেশ হিসেবে জেরুজালেমে নিজেদের দূতাবাস খুলতে যাচ্ছে কসোভো। সাম্প্রতিক সময়ে আমি যেমনটা বলেছিলাম, ইসরায়েলে শান্তির সার্কেল এবং স্বীকৃতি আরও বিস্তৃত হচ্ছে এবং আরও অনেক দেশ এ তালিকায় যুক্ত হবে বলে আশা করছি আমরা।’
×
