কিশোরগঞ্জের করিমগঞ্জে চাঞ্চল্যকর কৃষক বদিউর রহমান হত্যা মামলায় ১ জনের ফাঁসি এবং ৫ জনের সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রবিবার দুপুরে কিশোরগঞ্জের ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় প্রদান করেন।
মামলার রায়ে ফাঁসি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় ৯ জনকে বেকসুর খালাস প্রদান করা হয়। রায় ঘোষণার সময় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি আব্দুস সাত্তার পলাতক ছিলেন। তবে বাকি ১৫ আসামি উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন-আবু তাহের, মো. তবারক হোসেন, মো. মেনু মিয়া, মো. নজরুল ইসলাম ও মো. আনোয়ার হোসেন। আসামিরা করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ইউনিয়নের দক্ষিণ ধীতপুর গ্রামের বাসিন্দা। ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আব্দুস সাত্তার ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তবারক আপন ভাই।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৪ জুলাই পূর্ব শত্রুতার জের ধরে করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ইউনিয়নের দক্ষিণ ধীতপুর গ্রামের কৃষক বদিউর রহমানকে প্রকাশ্যে পিটিয়ে ও বল্লমবিদ্ধ করে হত্যা করে আসামিরা।
এ ঘটনায় ২৬ জুলাই নিহতের ছেলে মো. গোলাপ মিয়া বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০১৩ সালের ২৬ নভেম্বর ১৭ জন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল সিদ্দিক। মামলার বিচারকাজ চলাকালে আঃ বারিক নামে এক আসামির মৃত্যু হওয়ায় তাকে মামলা থেকে বাদ দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে এপিপি অ্যাডভোকেট জীবন কুমার রায় ও আসামি পক্ষে অ্যাডভোকেট অশোক সরকার মামলাটি পরিচালনা করেন।
