পাহাড় কেটে তৈরি করা ঘর অপসারণ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১১:০০ পিএম

চট্টগ্রামের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ঠাণ্ডাছড়ি এলাকায় পাহাড় কেটে তৈরি করা ঘর অপসারণ করেছে পরিবেশ অধিদপ্তর। 

রবিবার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক দল এবং হাটহাজারীর সহকারী কমিশনার (ভূমি) ওই এলাকা পরিদর্শন করে।
সেখানে পাহাড় কেটে তৈরি করা একটি ঘর  অপসারণ করে ওই ঘরের মালিককে নোটিশ দেয় পরিবেশ অধিদপ্তর।

এ বিষয়ে হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ বলেন, তথ্য পেয়ে আমরা সেখানে  গিয়ে দেখি পাহাড় কেটে একটি টিনশেডের ঘর নির্মাণ করা হয়েছে। আমরা ঘরটি ভেঙে দিয়েছি। সেখানে যারা এ ঘর নির্মাণে জড়িত তারা পলাতক রয়েছে।

তিনি বলেন, সেখানে স্থানীয় বাসিন্দারা কেউ তাদের নাম বলতে চায়নি। পরিবেশ অধিদপ্তর পাহাড় কাটার বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে।

এ দিকে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক বলেন, ঠাণ্ডাছড়ি এলাকায় পাহাড় কেটে ঘর নির্মাণ করা হচ্ছিল খবর পেয়ে আমরা ঘরটি উচ্ছেদ করে এক ব্যক্তিকে নোটিশ দিয়েছি। ১৭ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানি হবে।
ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মামুন নামের এক ব্যক্তি ওই এলাকায় পাহাড় কেটে ঘর নির্মাণ করছিল। 

জানা গেছে, স্থানীয় একটি যুব উন্নয়ন সংগঠনের নামে বাগান করার নামে পাহাড় কাটা, মাটি বিক্রি ও ঘর নির্মাণ চলে আসছে সেখানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত