মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর বাজারে গতকাল রবিবার সকালে ইসরাফিল মোল্যা (২৫) নামে আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ।
মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ইসরাফিল জানান, সকাল ১০টার দিকে তিনি গঙ্গারামপুর বাজারে বাড়ির জন্য কিছু মালামাল কিনতে যান। এ সময় পূর্ববিরোধের জের ধরে গঙ্গারামপুরের মাকসুদুর রহমান ডলারের নেতৃত্বে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। তারা তার দুই পায়ে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।
ডলার গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গঙ্গারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ ফিরোজ হোসেনের সমর্থক।
ইসরাফিল বলেন, গঙ্গারামপুর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ ফিরোজ হোসেনের সমর্থকদের সঙ্গে শালিখা উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেনের সমর্থকদের দ্বন্দ্ব চলছে। গত ৪ আগস্ট দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় ১০ ব্যক্তি আহত হন এবং ১৫ বাড়িতে লুটপাট ও ভাঙচুর করা হয়।
স্থানীয়রা জানান, রবিবার সকালে কামাল হোসেনের সমর্থক ইসরাফিলকে একা পেয়ে ফিরোজের সমর্থক ডলারসহ অন্যরা তার ওপর হামলা চালায়। গঙ্গারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, ডলার ও ইসরাফিল মোল্যা দুজনই আওয়ামী লীগের স্থানীয় কর্মী।
