সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব

সময়মতো স্কুল না খুললে প্রাথমিকে অটো পাস

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০২:৪৯ এএম

করোনাভাইরাসের কারণে সময়মতো স্কুল খোলা সম্ভব না হলে প্রাথমিকে অটো পাস ছাড়া কোনো উপায় থাকবে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন। গতকাল রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।

সচিব বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষাভিত্তিক মূল্যায়ন করতে সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। অক্টোবর ও নভেম্বরকে কেন্দ্র করে সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। স্কুল খুললে তার ওপর পরীক্ষা নিয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস মূল্যায়ন করা হবে। স্কুল খোলা সম্ভব না হলে পরীক্ষায় অটো পাস ছাড়া উপায় থাকবে না।

আকরাম-আল-হোসেন বলেন, করোনাভাইরাস মহামারীর মধ্যে আর্থিক সংকটে পড়ে কোনো কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গেলে সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, দেশে অনেক কিন্ডারগার্টেন আছে, সেসব কিন্ডারগার্টেন আর্থিক কারণে বন্ধ হয়ে যেতে পারে। আমরা এরই মধ্যে নির্দেশনা দিয়েছি সব ডিপিওকে (জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) যদি কেজি স্কুল বন্ধ হয়ে যায় তাহলে সেই স্কুলের শিক্ষার্থীরা যে এলাকার, সেই এলাকার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে। কেউ যেন বাদ না পড়ে।

সচিব আরও বলেন, প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষকদের দায়িত্ব দিয়েছি কভিড-১৯-এর পর যখন স্কুল খুলবে তার আগেই নিজেদের স্কুলের জন্য পরিকল্পনা তৈরি করতে। সেই পরিকল্পনায় সবকিছু থাকবে, নিরাপত্তা, ঝরে পড়া। সঠিকভাবে সব মেইনটেন করতে পারলে আশা করি আমাদের যে আশঙ্কা ঝরে পড়া, সেটা অনেকটাই রোধ করতে পারব। তিনি বলেন, আমরা ঝরে পড়া রোধে নানা পদক্ষেপ নিয়েছি। বয়স্কদের মধ্যে সাক্ষরতার হার বৃদ্ধি করা হবে বলেও জানান সচিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত