রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৪:০০ এএম

রাজধানীর পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়ন হাওলাদার (৪৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাজারীবাগে থাই গ্লাসের কাজ করতে গিয়ে মো. বিশাল (১৭), ডেমরায় নিজ বাড়িতে সাকিবুর রহমান (৩৫) ও মহাখালীতে নিজ বাসায় ফরিদা বেগম (৪৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

মৃতদের স্বজনরা জানান, যাত্রাবাড়ীর সুতিখাল পাড় নতুন রাস্তা এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন নয়ন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বেলা ১১টার দিকে মারা যান তিনি। এদিকে হাজারীবাগের ঝাউচর এলাকায় একটি মাদ্রাসায় থাই গ্লাসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় বিশাল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার। এ ছাড়া ডেমরা সিএনজি স্টেশন এলাকায় নিজ বাড়িতে সাকিবুর রহমান নামে এক প্রকৌশলী বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তা ছাড়া মহাখালী টিভিগেট এলাকায় নিজ বাসায় ফরিদা বেগম নামে গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ চারটি মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ঘটনাগুলো সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত