চুয়াডাঙ্গায় আন্তজেলা গাড়ি চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪০ পিএম

চুয়াডাঙ্গায় আন্তজেলা গাড়ি চোরচক্রের নারীসহ ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তিতে একটি মোটরসাইকেল ও ৯টি ব্যাটারিচালিত পাখি ভ্যান উদ্ধার করা হয়। সোমবার দুপুরে পুলিশ সুপার জাহিদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গার ভান্ডারদহ গ্রামের মৃত খাদের আলীর ছেলে মহাম্মদ আলী (৩০), বহালগাছি গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী লিপি খাতুন (২৮) জীবননগর উপজেলার ইসলামপুর গ্রামের মসলেম মিয়ার ছেলে রবিউল ইসলাম ডাবলু (২৯), ঝিনাইদহ জেলার মহেশপুর থানার লাটিমা গ্রামের সামসুল খাঁর ছেলে শফিকুল ইসলাম (২৬), আব্দালপুর গ্রামের বাহার আলির ছেলে আলী হোসেন (২৮) ও একই এলাকার আয়ুব আলীর ছেলে সোহাগ হোসেন (২২)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে গাড়ি চোরচক্রের সদস্যরা বিভিন্ন কৌশলে মোটরসাইকেল,  ইজিবাইক, পাখি ভ্যান চুরি করে আসছিলেন। চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ এ চক্রকে ধরতে অভিযানে নামে। এতে চোর চক্রের মূল হোতা মোহাম্মদ আলীকে পুলিশ আটক করে। তার স্বীকারোক্তিতে গতকাল রবিবার রাতভর চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে এক নারীসহ ৫জনকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৯টি পাখি ভ্যান ও চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। এই চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত