সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের চেয়ারম্যান ও মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হাসান মির্জা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
সোমবার সকালে রাজধানী ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত ইউপি চেয়ারম্যানের ছোট ভাই ওহেদুজামান পলু জানান, তার বড় ভাই আবু হাসান মির্জা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুৃগছিলেন। গত ৩ সেপ্টেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ওইদিনই ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই তার করোনা নমুনা সংগ্রহ করে হাসপাতাল কর্তৃপক্ষ। ৬ সেপ্টেম্বর এর রিপোর্ট প্রকাশ হয়। এ রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। এরপর থেকে চিকিৎসকের পরামর্শে তার করোনার চিকিৎসা চলছিল। রবিরার সন্ধ্যায় তার অবস্থার আরো অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সোমবার ভোরে তিনি মারা যান।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ, সাবেক সংসদ সদস্য গাজী আমজাদ হোসেন মিলন, তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জান মনি, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক সনজিত কর্মকার,সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুল্লাহ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।
সোমবার বিকেল ৪টার দিকে তার নিজ গ্রাম ভাদাস কেন্দ্রীয় কবরস্থানে স্বাস্থ্য বিধি মেনে জানাজার নামাজ শেষে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
