কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১১:২৫ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক স্থানে বজ্রপাতে ৪ জন নিহত এবং ১ নারীসহ ২ জন আহত হয়েছেন। 

সোমবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে উপজেলার দৌলতপুর ও আড়িয়া ইউনিয়নে পৃথক স্থানে এ বজ্রপাতের ঘটনা ঘটে। 

সোমবার রাত সাড়ে ৮টায় কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ ও হাসপাতাল সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।  

নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার চর দৌলতপুর ইউনিয়নের চর দৌলতপুর গ্রামের নাহারুল ইসলাম (৫২), আড়িয়া ইউনিয়নের শেনপাড়া গ্রামের কৃষক ইরাজুল ইসলাম (৪৮), উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নাটনা পাড়া গ্রামের আবু জেহেল এর ছেলে কামাল হোসেন (৩০) এবং একই এলাকার নুরুর ছেলে মহিবুল ইসলাম (২৮)। 

বজ্রপাতে মিরপুর ও দৌলতপুর উপজেলায় আরো দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আহতরা হলেন-  দৌলতপুর উপজেলার চক দৌলতপুর এলাকার বজ্রপাতে সদ্য নিহত নাহারুল ইসলামের স্ত্রী কমলা খাতুন (৪৫) ও মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের আতিয়ার মন্ডল (৫৫)। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশিকান্ত সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে হালকা বৃষ্টি হওয়ার সময় কৃষক নাহারুল ইসলাম গবাদীপশুর জন্য ঘাস কাটতে গিয়েছিল। তার স্ত্রী কমলা খাতুন আকাশে বিজলী চমকাতে দেখে নাহারুল ইসলামকে বাড়ি ফিরে আসার জন্য ডাকতে যান। হঠাৎ বজ্রপাতে স্বামী ও স্ত্রী দুজনই মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা খবর পেয়ে তাদের দুজনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাহারুল ইসলামকে মৃত ঘোষণা করেন। 

নাহারুলের স্ত্রী কমলা খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে চিকিৎসকরা বলেও জানান ওসি। 

অপরদিকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া শাম্মি আক্তার জানান, বিকেলে বজ্রপাতে গুরুত্বর আহত অবস্থায় মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের আতিয়ার মন্ডল মন্ডলকে নিয়ে আসে স্থানীয়রা। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। 

তিনি আরো বলেন, সন্ধ্যা ৭টার দিকে বজ্রপাতে দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নাটনা পাড়া এলাকার আবু জেহেল এর ছেলে কামাল হোসেন (৩০), একই এলাকার নুরুর ছেলে মহিবুল ইসলাম (২৮) কে নিয়ে আসা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়। 

অপরদিকে, আড়িয়া ইউনিয়নের শেনপাড়া এলাকার কৃষক ইরাজুল ইসলাম (৪৮) বিকেলে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত অবস্থায় পড়ে ছিলো বলে নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশিকান্ত সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত