শ্যাম্পুর ‘বর্ণবাদী’ বিজ্ঞাপনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন দক্ষিণ আফ্রিকায় হাজার হাজার মানুষ। দেশটির স্থানীয় একটি কোম্পানির শ্যাম্পুর বিজ্ঞাপন প্রচারের পর তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন।
বার্তা সংস্থা এএফপি বলছে, ট্রিসেমি হেয়ার কোম্পানির তৈরি ওই শ্যাম্পুর বিজ্ঞাপন স্থানীয় ফার্মেসি চেইন জায়ান্ট ক্লিক ফার্মেসির ওয়েবসাইটে প্রচারের পর বিতর্ক শুরু হয়। এ বিজ্ঞাপন বর্ণবাদী উল্লেখ করে ক্লিক ফার্মেসির বেশকিছু আউটলেটের সামনে বিক্ষোভ করেন সাধারণ মানুষ।
ট্রিসেমি হেয়ার কোম্পানির তৈরি বিজ্ঞাপনে কৃষ্ণাঙ্গ দুই নারীর চুলের সঙ্গে শে^তাঙ্গ দুই নারীর তুলনা করা হয়। এতে কৃষ্ণাঙ্গ নারীর প্রাকৃতিক চুলকে ‘শুষ্ক ও ক্ষতিগ্রস্ত’ এবং ‘রুক্ষ ও নিস্তেজ’ বলে উল্লেখ করা হয়। অন্যদিকে ক্লিকের শ্যাম্পু ব্যবহারকারী শেতাঙ্গ দুই নারীর চুল ‘সুন্দর’, ‘মসৃণ’ ও ‘সাধারণ’ বলে উল্লেখ করা হয়।
দেশটির বিরোধী দল ইকোনমিক ফ্রিডম ফাইটার্স (ইএফএফ) গতকাল সোমবার বর্ণবাদী এ বিজ্ঞাপনের প্রতিবাদে কোম্পানিটির বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেয়। ইএফএফের ডাকে দেশটির হাজার হাজার মানুষ কোম্পানির আউটলেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ পালন করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় ইএফএফ বলেছে, আমরা ক্লিককে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ চালিয়ে যেতে দেব না। ক্লিকের অবশ্যই পতন ঘটবে।
