পাবনার সুজানগরে জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আমিনপুর থানায় দুটি মামলা হয়েছে। গত রবিবার রাতে অস্ত্র আইনে ও অন্য একটি ধারায় এ দুই মামলা করা হয়।
আমিনপুর থানার ওসি মোজাম্মেল হক জানান, রবিবার দুপুরের হামলা ও গোলাগুলির ঘটনায় রানীনগর ইউনিয়নের ভাটিকয়া গ্রামের খাইরুল মাস্টার বাদী হয়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিনুর রহমান শাহীনসহ ২০ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। পাশাপাশি পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে আরও একটি মামলা করে।
আসামিদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেনÑ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, যুবলীগ কর্মী সাইদুল, শরীফুল, আরিফ ও দোলোয়ার। তবে শাহীনসহ অপর আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি। সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশি টহল বাড়ানো হয়েছে।
এদিকে হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে সুজানগরে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে দোষীদের শাস্তির দাবি করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সমর্থক নেতাকর্মীরা।
প্রসঙ্গত, জলাশয়ে মাছ চাষ করা নিয়ে গত রবিবার সংঘর্ষে কমপক্ষে ১৫ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হন।
