নয়নযোগী অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতার প্রয়াণ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫০ এএম

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় চণ্ডিগড় গ্রামে অবস্থিত মানবকল্যাণকামী অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা নিত্যানন্দ গোস্বামী (নয়ন যোগী) মারা গেছেন। 

সোমবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরলোক গমন করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। 

দুর্গাপুর উপজেলাবাসীর কাছে তিনি একজন সাদা মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। 

জীবনের বেশির ভাগ সময়ই অসহায়ের সেবায় কাটিয়ে দিয়েছেন তিনি। অনাথ আর অসহায়দের কথা চিন্তা করেই উপজেলার চন্ডিগড়ে স্থাপন করেছিলেন মানব কল্যাণকামী অনাথালয়। 

১৯৯৬ সাল থেকে এই অনাথালয়ের সূচনা হয়। যা কিনা দেশ ছাড়িয়ে বিদেশেও এখন বেশ পরিচিত। 

এক-দুজন করে অসহায় ও দরিদ্র আদিবাসী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রায় শতাধিক শিক্ষার্থীর থাকা-খাওয়া, পড়াশোনা সবকিছুই চলে এ অনাথালয়ে। সকল ধর্মের অসহায় বৃদ্ধ-বৃদ্ধারাও অনেকেই ঠাঁই পেয়েছেন এই আশ্রমে।

কবি-সাহিত্যিকদের জন্যও তিনি ছিলেন উদার। অনেকেই আশ্রম পরিদর্শনে গিয়ে কবিতা ও গানের আসর বসিয়েছেন। শিশুদের পড়াশোনার পাশাপাশি প্রতিনিয়ত সাহিত্য ও সংগীত চর্চায় উৎসাহিত করতেন তিনি।

কিন্তু তার এই হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে উপজেলার সর্বত্রই।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে খাওয়া-দাওয়া শেষে হঠাৎ বমি করতে করতে অসুস্থতা অনুভব করেন তিনি। পরে সন্ধ্যায় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে আনা হলে হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। 

কিন্তু তাতেও তার হৃৎস্পন্দন স্বাভাবিক না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

রাত ৮টা ৩৫ মিনিটের সময় তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তার হৃৎস্পন্দন স্বাভাবিক ছিল না। প্রেসার একদম নিচে ছিল, লুজ মসন থাকায় শরীর দুর্বল ছিল।

শেষ পর্যন্ত তার শারীরিক কন্ডিশন বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত