ভৈরবে হত্যা মামলার আসামি ইয়াবাসহ আটক

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৬ এএম

কিশোরগঞ্জের ভৈরবে সোহাদ মিয়া হত্যা মামলার আসামি সানিকে (২৮) ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প।

মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব ক্যাম্প চত্বরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন র‌্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।

তিনি জানান, ভৈরব ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, সোহাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সানি শহরের ঘোড়াকান্দা এলাকায় অবস্থান করছে।

এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে একটি আভিযানিক দল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ওই এলাকার খাজা গরীবে নেওয়াজ স্টোরের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক সানি ওই এলাকার আলী আকবর মিয়ার ছেলে।

আটককালে তাকে তল্লাশি করে ১৪৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২৭,০০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়। র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে থানায় সোপর্দ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

তিনি আরও জানান, গত ৬ জানুয়ারি পূর্ব শত্রুতার জের ধরে মো. সোহাদ মিয়াকে (৪৬) সানিসহ ৭ জন মিলে এলোপাতাড়ি মারধর করে। পরে এলাকাবাসীর সহায়তায় উদ্ধারের পর তার স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।

সোহাদ শহরের পঞ্চবটী এলাকার মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে। এ ঘটনায় সোহাদ মিয়ার মেয়ে সখি বেগম বাদী হয়ে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত