সেফটিক ট্যাংকে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১০:১৮ পিএম

লক্ষ্মীপুরে সেফটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের হোগল ডগী গ্রামে এ ঘটনা ঘটে। অতিরিক্ত গ্যাস জমে অক্সিজেনের অভাবে এবং তাদের অসচেতনতায় এ মৃত্যু বলে জানায় পুলিশ। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মৃত দু'জন হলেন স্থানীয় বাসিন্দা দিন মোহাম্মদের ছেলে ওমর ফারুক (২৪) ও বাসু মিয়ার ছেলে কামাল হোসেন (২২)।

পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা জানান, স্থানীয় দুলু হাজী বাড়ির মিজানের নির্মিতব্য ভবনের সেফটিক ট্যাংক পরিস্কারে যান তিন নির্মাণ শ্রমিক।

এ সময় সেফটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করেন শ্রমিক ফারুক। কিছু সময় পর ট্যাংকের ভেতর থেকে তিনি (ফারুক) বের না হলে অপর শ্রমিক কামাল নিচে নামেন। অনেক সময় পার হওয়ার পর দুই শ্রমিকের কোনো সাড়া না পেয়ে অন্য শ্রমিক সোহাগ এসে তাদের উদ্ধার করতে গিয়ে আহত হন।

তবে এসময় বাড়ির মালিক মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত