আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর গাড়িবহর লক্ষ্য করে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। বোমা হামলায় ভাইস প্রেসিডেন্ট অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তিনি আহত হয়েছেন।
এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। সরকারিভাবে এখনো কাউকে দায়ী করা হয়নি। তালেবানের পক্ষ থেকেও এ হামলায় তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানানো হয়েছে। শহর এলাকায় হামলা না চালাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দলটির চুক্তি রয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার সকালে কাবুলের রাস্তার পাশে ওই বিস্ফোরণ ঘটানো হয়। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতদের পরিচয় জানা যায়নি। ফেইসবুকে দেওয়া এক পোস্টে এ বিস্ফোরণের কথা বলেছেন আমরুল্লাহ সালেহর দপ্তরের মুখপাত্র রাজওয়ান মুরাদ।
