সাহেদের বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে দুই অভিযোগপত্র

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ০২:১৭ এএম

করোনা পরীক্ষার ভুয়া রিপোর্টসহ নানা জালিয়াতিতে আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিমের বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে আলাদা দুটি অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। অবৈধ অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি রাখার অভিযোগে দেবহাটা থানায় দায়ের করা মামলায় গতকাল বুধবার সাতক্ষীরার আমলি আদালত-৬ এর বিচারক রাজীব রায়ের আদালতে অভিযোগপত্র দুটি জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের এসআই রেজাউল ইসলাম।

সংশ্লিষ্ট আদালতের কোর্ট সাব ইন্সপেক্টর মোন্তাজ উদ্দিন দেশ রূপান্তরকে জানান, এক মাস ২৪ দিন তদন্ত শেষে সাহেদ করিমের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ ধারায় একটি এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর বি (এ) ধারায় আরেকটি অভিযোগপত্র আদালতে জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা।

ভারতে পালিয়ে যাওয়ার সময় চলতি বছরের ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্তের লাবণ্যবতী নদীর তীর থেকে সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার কাছে একটি অবৈধ পিস্তল, তিন রাউন্ড গুলি ও ২৩৩০ রুপি উদ্ধারের কথা জানায় র‌্যাব। গ্রেপ্তারের পর সেদিনই সকালে সাহেদকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে ওই দিন রাতে র‌্যাব-৬ এর সিপিসি-১ এর ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে ১৮৭৮ সালের আর্মস অ্যাক্টের ১৯-এ উপধারা এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর বি (এ) ধারায় দেবহাটা থানায় একটি মামলা করেন। ওই মামলায় সাহেদসহ তিনজনকে আসামি করা হয়। পরে সাহেদকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত