ধামরাইয়ে নিজ ঘরে স্বামী-স্ত্রীর মরদেহ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৫ পিএম

ঢাকার ধামরাইয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে বিষপানে স্বামী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে ধামরাইয়ের গোপালপুর সিলেটপাড়া গ্রামের নিজ ঘর থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- ধামরাইয়ের গোপালপুর সিলেটপাড়া গ্রামের মুনছের আলীর ছেলে জুয়েল (২২) এবং তার স্ত্রী মুনমুন (১৮)। নিহত মুনমুনের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা গ্রামে। জুয়েল ও মুনমুন দুই বছর আগে বিয়ে করেন। 

এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো তারা রাতের খাবার খেয়ে বুধবার রাতে নিজেদের ঘরেই ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে না উঠলে স্থানীয়রা ঘরে দরজা ভেঙে স্বামী-স্ত্রীর দুজনের মরদেহ খাটের উপর দেখতে পান। পরে ধামরাই থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।  

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (এসআই) আবুল খায়ের মিয়া জানান, জুয়েলের স্ত্রী মুনমুনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। আর জুয়েল বিষপানে আত্মহত্যা করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বামী বিষপানে আত্মহত্যা করেছে । তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এই বিষয়ে আরও নিশ্চিত হওয়া যাবে বলে জানায় পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত