সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ০২:০৯ পিএম

সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। দায়িত্ব পালন শেষে উপজেলার বুধহাটা থেকে থানায় ফেরার পথে বৃহস্পতিবার ভোরে চাপড়া পুরাতন ইউনিয়ন পরিষদ অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও এক পুলিশ সদস্য।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, নিহত এএসআই’র নাম শাহজামাল (৩৭)। তিনি যশোর জেলার শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের সুলতান আহমেদের ছেলে।

ওসি কবির জানান, সহকারী উপপরিদর্শক শাহজামাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে তার দায়িত্ব শেষে বুধহাটা এলাকা থেকে থানায় ফিরেছিলেন।

পথিমধ্যে সাতক্ষীরা-আশাশুনি সড়কের চাপড়া ব্রিজের আগে পুরাতন ইউনিয়ন পরিষদ আফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি বাঁশের ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে।

এ সময় একটি বাঁশ তার পেটের ভেতর ঢুকে যায়। এতে তার ফুসফুস ছিদ্র হয়ে গুরুতর জখম হলে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করেন।

এ সময় নাজমুছ সাহাদাত নামের এক পুলিশ সদস্যের বাম হাত জখম হয়। তিনি আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে শাহজামালের মৃত্যুতে আশাশুনি উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

ওসি কবির আরও জানান, এ ঘটনায় বাঁশবোঝাই ট্রাকটি জব্দসহ এর চালক কামাল হোসেনকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত