দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের নামাপাড়া ও জোড়াব্রিজ এলাকায় জমজম টাওয়ার নামে দুটি ভবনে ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুতের খুঁটিসুদ্ধ ট্রান্সফরমার রেখে ভবন নির্মাণ ও সংযোগ নেওয়ার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে আগানগর ইউনিয়নের নামাপাড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নামাপাড়া এলাকায় জমজম টাওয়ারের মালিক আনোয়ার হোসেনের ভাতিজা শহিদুল ইসলাম ডেনি ও জোড়াব্রিজ এলাকার জমজম টাওয়ারের মালিক বাবুল ঢালীর ম্যানেজার মো. রিপনকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল। অভিযানে ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতির লোকজন, স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি ও সদস্য আবদুর রাজ্জাক রুবেলসহ দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ উপস্থিত ছিল।
সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল বলেন, বাণিজ্যিক ও আবাসিক ভবনে ঝুঁকিপূর্ণভাবে অনিরাপদ অবস্থায় বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবসা করে আসছিল। বিষয়টি এলাকার কেউ ফেইসবুকে তুলে দিলে তা ভাইরাল হয়। ভবন মালিকের পক্ষ থেকে নিজ উদ্যোগে কাজ করে বিদ্যুতের সব সংযোগ বিচ্ছিন্ন করার অঙ্গীকার করলে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। ভবন দুটি আমাদের নজরে থাকবে, যদি তারা নিজ উদ্যোগে কাজ না করে তাহলে আমরা ফের অভিযান চালাব। এ কাজটি যদি করা না হয় তাহলে যেকোনো সময় ঢাকার নিমতলীর চেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা রয়েছে।
