উখিয়ার হাজিরপাড়া দুছড়ি সড়ক বেহাল

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৪ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া-দুছড়ি সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এখন ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, স্কুল, কলেজ ও মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থীদের।

সম্প্রতি উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া, হরিণমারা, খয়রাতি, মালিয়ারকূল ও দুছড়ি এলাকা ঘুরে দেখা যায়, এক যুগ আগে নির্মিত গ্রামীণ সড়কটি সংস্কারের অভাবে বেহাল পড়ে আছে। সেই সঙ্গে কয়েক দিনের টানা ভারী বর্ষণে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। পাশাপাশি পাহাড়ি ঢলও ব্যাপক ক্ষতি করেছে সড়কের বিভিন্ন অংশের। এছাড়া সড়কটি দিয়ে প্রতিনিয়ত কাঠবোঝাই অসংখ্য ও অবৈধ বালুভর্তি ডাম্পার চলাচল করায় এখন ক্ষতবিক্ষত এ রাস্তায় চলাচল করা দায় হয়ে পড়েছে।

দুছড়ি পাহাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউর রহমান বলেন, উখিয়া সদর স্টেশন থেকে দুছড়ি এলাকার দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। সাধারণত শুষ্ক মৌসুমে এ পথে গাড়িযোগে স্কুলে পৌঁছতে সময় লাগত ১৫-২০ মিনিট। বর্তমানে যান চলাচলের অনুপযোগী হওয়ায় সময় লাগে দেড় থেকে দুই ঘণ্টা। এ অবস্থায় করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ছাত্রছাত্রীদের নিয়মিত স্কুলে আসা-যাওয়া করতে চরম দুর্ভোগের সৃষ্টি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান।

এ প্রসঙ্গে উখিয়া উপজেলা নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, হাজিরপাড়া থেকে দুছড়ি পর্যন্ত সড়কটি বিশ্বব্যাংকের অর্থায়নে কার্পেটিংয়ের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রস্তাবটি পাস হলে আশা করি অল্প সময়ের মধ্যে কাজ শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত