যুক্তরাজ্যের মসজিদগুলোতে ফের নতুন নিয়ম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১২:২৭ এএম

যুক্তরাজ্যে দ্বিতীয়বারের মতো করোনা মহামারী ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হওয়ায় মসজিদকেন্দ্রিক নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, মসজিদসহ ইংল্যান্ডের অন্য উপাসনালয়গুলো নতুন নিয়ম মেনে খুলতে হবে। ফলে আগামী সোমবার থেকে ছয়জনের বেশি মুসল্লি একত্র হতে পারবে না। যুক্তরাজ্যের মুসলিম সংবাদমাধ্যম ফাইভ পিলারসে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সংবাদমাধ্যমকে বরিস জনসন বলেন, ‘সোমবার থেকে ইংল্যান্ডে আমরা ছয়জনের আইন চালু করেছি। কোনো সামাজিক আয়োজনে ছয়জনের বেশি একত্র হতে পারবে না। যদি আপনি তা করেন, তবে আপনি আইন অমান্য করলেন।’ ছয়জনের আইনে বলা হয়েছে, ১৪ সেপ্টেম্বর থেকে ইংল্যান্ডে ছয়জনের বেশি একত্র হতে পারবে না। মানুষের ব্যক্তিগত বাড়িঘর ও ঘরের বাইরে, মদের দোকান, খাবারের দোকান, ক্যাফে ও জনসমাগমের স্থানে এবং সব বয়সী মানুষের জন্য তা প্রযোজ্য হবে। কেউ আইন অমান্য করলে এক পাউন্ড থেকে ৩ হাজার ২০০ পাউন্ড পর্যন্ত জরিমানা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত