নারী পাচারের অভিযোগে নৃত্যশিল্পী সোহাগ গ্রেপ্তার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ০৩:০১ এএম

বিদেশে অনুষ্ঠানের নামে নারী পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও নৃত্যশিক্ষক ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর নিকেতনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল শুক্রবার রাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা দেশ রূপান্তরকে জানান, বৃহস্পতিবার রাতে মানব পাচারের অভিযোগে সোহাগ গ্রেপ্তার হয়েছেন। সিআইডি (ঢাকা মেট্রো উত্তর বিভাগ) কর্মকর্তারা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। কাল (শনিবার) রিমান্ড চেয়ে তাকে আদালতে তোলা হবে।

সিআইডির এক কর্মকর্তা জানান, দুবাই পুলিশের তথ্যের ভিত্তিতে গত মাসে সিআইডি আজম খানসহ তার নারী পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেই জবানবন্দির ভিত্তিতেই সোহাগের তথ্য বেরিয়ে আসে। তার পর থেকেই তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল।

ওই কর্মকর্তা আরও জানান, এই চক্র মূলত নৃত্যশিল্পীদের টার্গেট করত। কয়েকজন নৃত্যসংগঠক ও শিল্পী এই সিন্ডিকেটে জড়িত। পাড়া-মহল্লার বিভিন্ন ক্লাব ও ডান্স গ্রুপের লোকজনও এই চক্রের সঙ্গে জড়িত। বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠানে যারা নাচেন তারাই ছিলেন এই পাচারকারী চক্রের প্রধান টার্গেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত