বিবৃতিতে ফখরুল

ক্ষমতার তাসের ঘর যেকোনো মুহূর্তে ভেঙে পড়বে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ০৩:১২ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার এখন ফ্যাসিবাদের চরম মাত্রায় এসে উপনীত হয়েছে। জনগণের কাছে ক্ষমতা ছেড়ে না দিলে অবৈধ সরকারের ক্ষমতার তাসের ঘর যেকোনো মুহূর্তে ভেঙে পড়বে। চট্টগ্রাম মহানগর বায়েজিদ থানা ও চান্দগাঁও থানা বিএনপির  নেতাকর্মীদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদ জানিয়ে গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘৩০ ডিসেম্বর নির্বাচনের আগের রাতে ভোটের মাধ্যমে নির্লজ্জভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী সরকার এখন ফ্যাসিবাদের চরম মাত্রায় এসে উপনীত হয়েছে। বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের রাজনীতির ময়দান থেকে সরিয়ে দিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দায়ের করছে। একই সঙ্গে আদালত কর্তৃক জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ বর্তমান আওয়ামী সরকারের প্রাত্যহিক কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। আর এই কর্মসূচি সাফল্যম-িত করার জন্য মানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকারকে পূর্বেই হরণ করা হয়েছে। দেশকে বিরোধী দলশূন্য করতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই মিথ্যা মামলা দিয়ে কারান্তরীণ করা হচ্ছে।’

তিনি অভিযোগ করেন, ‘ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় চট্টগ্রাম মহানগর বায়েজিদ থানা ও চান্দগাঁও থানা বিএনপির  নেতাকর্মীদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ বর্তমান গণধিকৃত সরকারের ধারাবাহিক অপকর্মেরই অংশ। ক্ষমতাসীনরা গুম, বিচারবহির্ভূত হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও দখলবাজিকে জাতীয় সংস্কৃতির অংশ করতে সর্বপ্রকার উদ্যোগ নিয়েছে। দেশব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির অভাবে জনজীবন দুর্বিষহ হওয়াতে সরকারের ব্যর্থতা ঢাকতেই দেশব্যাপী চালানো হচ্ছে বিএনপি নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখার হিড়িক।’

মির্জা ফখরুল বলেন, ‘এটি গণবিরোধী সরকারের চলমান দমননীতিরই ধারাবাহিকতা। তবে সকল অপকর্ম ও অপশাসনের অবসান ঘটাতে জনগণ এখন ঐক্যবদ্ধ। জনগণের নিকট ক্ষমতা ছেড়ে না দিলে অবৈধ সরকারের ক্ষমতার তাসের ঘর যেকোনো মুহূর্তে ভেঙে পড়বে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত