রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নবনিযুক্ত কমিশনার আবু কালাম সিদ্দিক বলেছেন, পুলিশে খারাপ লোকের কোনো দরকার নেই। মাদকাসক্ত, দুর্নীতিবাজ কারোর স্থান নেই পুলিশে।
শনিবার সকালে রাজশাহী পুলিশ লাইনস মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আবু কালাম সিদ্দিক বলেন, পুলিশ সদস্যদের বিরুদ্ধে যদি কাউকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ পাওয়া যায়, তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।
পুলিশ কমিশনার আরও বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে ঢেলে সাজাতে চাই। সার্ভিস ওরিয়েন্টেড পুলিশ বাহিনী চাই। যাতে মানুষের দোরগোড়ায় পুলিশিং ব্যবস্থা পৌঁছে দিতে পারি। রাজশাহীর মানুষ যাতে নির্বিঘ্নে ও নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন। সিটি মেয়র এ বিষয়ে আমাদের সহযোগিতা করবেন। রাজশাহীতে শিগগিরই সাইবার ক্রাইম ইউনিট গঠন করা হবে বলেও জানান নবনিযুক্ত এ কমিশনার।
তিনি আরও বলেন, শান্তির শহর হিসেবে রাজশাহী নগরীর সুনাম আছে। এই সুনাম ধরে রাখতে হবে। কোনোভাবেই অপরাধীদের প্রশ্রয় দেওয়া হবে না। সভায় আরএমপির অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলাম, সালমা বেগম, উপকমিশনার সাজিদ হোসেন ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
