নটর ডেম কলেজের প্রতিষ্ঠাতা ফাদার টিম আর নেই

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৫ পিএম

যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নটর ডেম কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ ফাদার রিচার্ড উইলিয়াম টিম। তার বয়স হয়েছিল ৯৭ বছর।

শনিবার কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক রঞ্জন ফ্রান্সিস রোজারিও মৃত্যু খবরটি নিশ্চিত করেছেন।

ফাদার রিচার্ড উইলিয়াম টিম বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিন দিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।

১৯২৩ সালের ২ মার্চ যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় জন্মগ্রহণ করেন ফাদার টিম। তিনি বাংলাদেশে আসেন ১৯৫২ সালে। প্রায় সাত দশক বাংলাদেশে থেকে এদেশের শিক্ষার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন তিনি। পাশাপাশি অসহায় মানুষের পাশেও দাঁড়িয়েছেন।

ঢাকার নটর ডেম কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা এবং কলেজটির ষষ্ঠ অধ্যক্ষ ছিলেন তিনি। ফাদার টিমের হাত ধরেই কলেজটিতে বিজ্ঞান বিভাগ চালু হয় এবং ক্লাব কার্যক্রম শুরু হয়। নটর ডেম ডিবেট ক্লাব ও সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাতা তিনি।

১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের সময় তিনি ছিলেন নটর ডেম কলেজের অধ্যক্ষ। সেই সময় তিনি কিছু সংখ্যক শিক্ষার্থীদের নিয়ে বিধ্বস্ত মনপুরা দ্বীপে যান। সেখানে করুণ অবস্থা দেখে ফিরে আসেন। তারপর নটর ডেম কলেজ থেকে ছয় মাসের ছুটি নিয়ে মনপুরা দ্বীপে গিয়ে মানুষের জন্য কাজ করেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ফাদার টিম মুক্তিযোদ্ধাদের সহায়তা করেন। মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত নতুন বাংলাদেশ পুনর্নির্মাণেও তিনি অংশগ্রহণ করেছেন। ১৯৯৮ সালের ভয়াবহ বন্যাসহ বাংলাদেশে বিভিন্ন সময় হওয়া প্রাকৃতিক দুর্যোগে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত