স্থগিত থাকা চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও চাঁদপুর শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিকে মনোনয়ন দিয়েছে দলটি। গতকাল শনিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে আক্তার হোসেন মাঝির নাম ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া আছে জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েলকে।
গত ২৯ মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এর আগেই ১৩ মার্চ বিএনপি মনোনীত প্রার্থী শফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে নির্বাচন পিছিয়ে যায়।
নির্বাচনের নতুন তারিখের বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন বলেন, আগামী ১০ অক্টোবর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে চাঁদপুর পৌরসভায় ভোটগ্রহণ হবে। তিনি আরও বলেন, স্থগিত হওয়া চাঁদপুর পৌরসভা নির্বাচনের পুনঃতফসিল অনুযায়ী ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৭ সেপ্টেম্বর যাচাই-বাছাই ও ২৪ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
