রংপুর গাজীপুর নড়াইল চুয়াডাঙ্গা

ছাত্রলীগ নেতাসহ চার জনকে কুপিয়ে হত্যা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১১:২৯ পিএম

নড়াইলের লোহাগড়ায় ইউনিয়ন ছাত্রলীগের নেতা, গাজীপুরে বাড়ি ও দোকানের তত্ত্বাবধায়ক, রংপুরে গুদামের পাহারাদার এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ ও দুর্বৃত্তরা। প্রতিনিধিদের পাঠানো খবর :

নড়াইল : লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রেজওয়ানকে (২৫) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।  গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জহিরুল দিঘলিয়া গ্রামের মৃত ছাইফুল শেখের ছেলে।

পুলিশ জানায়, জহিরুল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে দিঘলিয়া বাজারের পশ্চিমে নবগঙ্গা ডিগ্রি কলেজ এলাকায় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে জহিরুলকে কুপিয়ে জখম করে। তারা জহিরুলের বাঁ পা ও বাঁ হাতের হাড় বিচ্ছিন্ন করে ফেলে। মাথাও কুপিয়ে জখম করা হয়।

গাজীপুর : সিটি করপোরেশনের বরুদা এলাকায় পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে শেখ ফরহাদুল ইসলাম রতন (৪৫) নামে একজনকে। গতকাল শনিবার ভোরে কাজ শেষে বাড়ি ফেরার পথে বরুদা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়। গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সকাল সাড়ে ৭টার দিকে রতন মারা যান।

চুয়াডাঙ্গা : আলমডাঙ্গায় অজ্ঞাত এক ব্যক্তিকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকালে উপজেলার বাদেমাজু গ্রামের কালীতলার মাঠের একটি বটগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রংপুর : সদর উপজেলার সদ্যপুষ্করিণী ইউনিয়নের ভুরারঘাট বাজারের একটি ধান গুদামের পাহারাদারকে শুক্রবার রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম জহুরুল হক ভোলা (৬০)। গতকাল শনিবার সকালে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত