করোনায় আক্রান্তদের বিষয়ে সরকার ভুল পরিসংখ্যান দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘সরকারের কারণে প্রায় ৮২ হাজার করোনা আক্রান্তের নাম বাদ পড়েছে। অনেক লোক মারা যাচ্ছে। অথচ সংবাদে কয়েকজনের কথা আসছে।’
গতকাল শনিবার ঢাকা জেলা বিএনপির উদ্যোগে দোহার-নবাবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।
রিজভী বলেন, ‘করোনা প্রতিরোধে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। বৈশি^ক মহামারীর ধাক্কা সামলাতে ওষুধ, হাসপাতাল, এ জন্য যে স্বাস্থ্যবিধি প্রয়োজন, তার কিছুই এ দেশে করা হয়নি। ফলে লোকজন রাস্তায় মারা যাচ্ছে। চিকিৎসা না পেয়ে হাসপাতালের বারান্দায় মারা যাচ্ছে। জনগণের জবাবদিহিমূলক সরকার থাকলে এমনটি হতো না।’
বিএনপির এই নেতা বলেন, ‘ক্ষমতা দখল ও চিরস্থায়ী করার জন্য সরকার বিচারবহির্ভূত হত্যার মতো কয়েকটি পদ্ধতি নিয়েছে। আপনার সন্তান ভিন্নমতাবলম্বী, সরকারের সিদ্ধান্তে একমত নন। কোনো একরাত থেকে তার কোনো খোঁজ নেই। কিছুদিন পর ধানক্ষেতে তার লাশ পাওয়া যাবে। না হয় চিরদিন হদিসই পাওয়া যাবে না।’
তিনি বলেন, ‘সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজরকে থানার ওসি মেরে ফেলল। কোনো বিচার নেই। ইউএনওকে কুপিয়ে জখম করা হয়েছে। চারদিকে খুন-গুম, হত্যাÑএটাই বর্তমান সরকারের কর্মসূচি। তারা এতিম জেনারেশন তৈরি করতে চাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘সরকার বন্যার্তদের ত্রাণ দিচ্ছে না। বিএনপির নেতাকর্মীরা সারা দেশে ত্রাণ বিতরণ করলেও আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিচ্ছে।’
পরে রিজভী দোহারের শোল্লা, ইকোরিয়াসহ কয়েকটি ইউনিয়নে ত্রাণ বিতরণ করেন। এ সময় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকসহ জেলা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
