ঝালকাঠি সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের প্রভাষক মো. আল-আমিন মাঝির বিরুদ্ধে নিজ কলেজের এক ছাত্রীকে বিয়ে করে ৫ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় ছাত্রী মনিরা ইয়াসমিন বাদী হয়ে গতকাল রবিবার দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে আদালতের বিচারক এএইচএম ইমরানুর রহমান আল-আমিন মাঝির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন। আল-আমিন মাঝির বাড়ি নলছিটি উপজেলার রানাপাশা গ্রামে। তিনি চার বছর আগে ঝালকাঠি সরকারি মহিলা কলেজে গণিতের প্রভাষক পদে যোগ দেন।
মামলার বিবরণে জানা যায়, ওই কলেজ থেকে ২০১৮ সালে এইচএসসি পাস করার পর মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেন আল-আমিন। বিয়ের এক বছর যেতে না যেতেই ওই মেয়ের পরিবারকে ৫ লাখ টাকা যৌতুকের জন্য চাপ প্রয়োগ শুরু করেন। গত ২৭ মার্চ তাকে তার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য পাঠিয়ে দেওয়া হয়। মেয়ের মা ও আত্মীয়স্বজন আল-আমিনকে বাড়িতে এনে গত ৪ সেপ্টেম্বর যৌতুকের দাবি পরিহার করে ঘর-সংসার করার অনুরোধ জানান। কিন্তু ৫ লাখ টাকা যৌতুক না দিলে বাবার বাড়ি থেকে তার স্ত্রীকে আর ফিরিয়ে নেওয়া হবে না বলেও জানিয়ে দেন আল-আমিন মাঝি।
