আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অপরাধীদের শাস্তি দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ৮তলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে অংশ নেন মন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, শুধু অবকাঠামোর উন্নয়ন করলেই হবে না, বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বিচারক ও আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, সঠিকভাবে বিচার কার্যপরিচালনার জন্য আইনজীবী ও বিচারকদের সক্রিয় থাকতে হবে। ন্যায়বিচার নিশ্চিত করতে পারলেই জনগণ আপনাদের ওপর আস্থা পাবেন। এ সময় মন্ত্রী দেশের সব পর্যায়ের আদালতের মামলার জট কমানোর ওপরও গুরুত্বারোপ করেন।
জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মো. সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ফরিদপুর-১ আসনের এমপি মনজুর হোসেন, জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিএম নাজমুছ সাহদাত প্রমুখ উপস্থিত ছিলেন। ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে আরও অংশ নেন ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরী, আইন সচিব মো. গোলাম সারওয়ার।
