চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগের ঘোষণা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ০২:০৮ এএম

চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টেরি ব্র্যানস্টেড পদত্যাগ করছেন। গতকাল সোমবার একটি বিশ্বস্ত সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন প্রথম এ খবর দেয়। পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই রাষ্ট্রদূতের পদত্যাগের ঘোষণা দেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, তিন বছরেরও বেশি সময় ধরে চীনে মার্কিন দূতাবাসে দায়িত্বরত আছেন ব্র্যানস্টেড। নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন নির্বাচনের আগে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। টেরি দায়িত্ব পালনের সময় প্রায় পুরো সময় ধরেই চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক বেশ টানাপড়েনের মধ্য দিয়েই গেছে। তবে কেন এই রাষ্ট্রদূত পদত্যাগ করছেন সে বিষয়টি তাৎক্ষণিকভাবে পরিষ্কার করা হয়নি। চীনের পররাষ্ট্রবিষয়ক দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, তারা রাষ্ট্রদূতের পদত্যাগের বিষয়ে পম্পেওর টুইট সম্পর্কে অবগত আছেন। তবে এ বিষয়ে তাদেরকে কোনো নোটিস দেওয়া হয়নি বলেও দাবি করা হয়েছে।

২০১৭ সালে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পেইচিংয়ে নিযুক্ত হন টেরি ব্র্যানস্টেড। গত বছরের জুনে তার ওপর সমন জারি করে পেইচিং। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি আইনে স্বাক্ষর করেন। ওই আইনকে কেন্দ্র করেই তার ওপর সমন জারি করা হয়েছিল।

গত শুক্রবার চীন সরকার ঘোষণা দেয় যে, যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক ও কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে পেইচিং। সেপ্টেম্বরের শুরুতে চীনা কূটনীতিক ও কর্মকর্তাদের ওপর একই ধরনের পদক্ষেপ নিয়েছিল ওয়াশিংটন।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক টুইটার পোস্টে আমেরিকান জনগণের প্রতি দায়িত্ব পালনের জন্য ব্র্যানস্টেডকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, চীনের সঙ্গে কূটনীতিতে কয়েক দশকের অভিজ্ঞতা রাষ্ট্রদূত ব্র্যানস্টেডকে এ ক্ষেত্রে সবচেয়ে দক্ষ ব্যক্তিতে পরিণত করে। ফলে মার্কিন প্রশাসনের প্রতিনিধিত্ব করতে প্রেসিডেন্ট ট্রাম্প তাকেই পছন্দ করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত