সরকারি চাকরির বয়সে ৫ মাস ছাড়ের সিদ্ধান্ত আসছে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০২:১৫ এএম

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত প্রার্থীদের সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়স শিথিল করছে সরকার। বয়সের ক্ষেত্রে পাঁচ মাসের ছাড় পাবেন চাকরিপ্রার্থীরা। গত ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে তারা পরবর্তী পাঁচ মাস সরকারি চাকরির আবেদন করতে পারবেন। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। সরকারের বেসামরিক চাকরিতে মোট পদের সংখ্যা প্রায় ১৪ লাখ। এর মধ্যে প্রায় ৩ লাখ পদ শূন্য। অনেক প্রতিষ্ঠান করোনাভাইরাস মহামারীর জন্য এসব পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘করোনার কারণে বন্ধের মধ্যে মন্ত্রণালয়, বিভাগ কিংবা সংস্থা চাকরির জন্য বিজ্ঞপ্তি দিতে পারেনি। অনেকের চাকরির বয়স এই সময়ের মধ্যে চলে গেছে। সে ক্ষেত্রে তারা পাঁচ মাসের বয়সের একটা ছাড় পাবেন। আগস্ট পর্যন্ত বিজ্ঞপ্তিগুলোতে আবেদন করতে পারবেন তারা।’

বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর, মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর। প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদগুলোতে নিয়োগের দায়িত্ব সংশ্লিষ্ট সরকারি দপ্তরের।

গত মার্চ মাসের শুরুতে দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী ধরা পড়ে। পরিস্থিতি অবনতির দিকে যেতে থাকলে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় ছুটি বাড়ানো হয়। সর্বশেষ ঘোষণা অনুযায়ী গত ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ছিল। পরে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খুলে দেওয়া হয়, চালু করা হয় গণপরিবহন। পরে এ ব্যবস্থা তিন দফায় ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। এখন সেই বিধিনিষেধ আর নেই।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, করোনায় ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের বয়স শিথিলের বিষয়টি বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর মতামত চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেখান থেকে অনুমতি মেলায় বয়সের ছাড় দেওয়ার এ পদক্ষেপ নেওয়া হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত