ঝিনাইদহে হরিনাকুন্ডু উপজেলার সোহাগপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
বুধবার সকালে হরিণাকুন্ডু উপজেলার সোহাগপুর গ্রামে বিরোধপূর্ণ একটি বিলে মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করান। প্রাথমিকভাবে তাদের নামপরিচয় পাওয়া যাযনি।
হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম মোল্লা জানান, সোহাগপুর গ্রামে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম ও রুজদার আলীর মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে বুধবার সকালে আশরাফুল ইসলাম বিরোধপূর্ণ স্থানীয় গজারিয়া বিলে মাছ ধরতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
এতে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সংঘর্ষ এড়াতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
