গৃহবধূকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০২:৪৯ পিএম

রাজধানীর ভাটারায় একটি টিনশেড বাসায় মনিরা (২৭) নামে এক গৃহবধূকে হত্যার পর স্বামী আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহত স্বামী দিলীপকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। বুধবার দুপুরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান পারভেজ জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ঢালিবাড়ি বালুরমাঠ এলাকায় স্ত্রীকে ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে হত্যা করেন তার স্বামী। এরপর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন নিজে। পরে খবর পেয়ে রাত আড়াইটার দিকে ওই বাসা থেকে মনিরার মৃতদেহ উদ্ধার আর স্বামী দিলীপকে আহত অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।

এসআই  আরও জানান, মনিরার বাড়ি ময়মনসিংহ ধোবাউড়া উপজেলার বালিগাঁও গ্রামে। তারা খ্রিস্টান। বাবার নাম মৃত এডিওয়াট ডং। বর্তমানে ভাটারা ঢালীবাড়ি বালুরমাঠ বাবুলের টিনশেড বাড়িতে স্বামী ও এক ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন।

স্বামী দিলীপ অটোরিকশা চালক। প্রায়ই তাদের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি হতো। মঙ্গলবার রাতেও তাদের মধ্যে এসব নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার রেশ ধরেই দিলীপ স্ত্রীকে কোনো ভারী বস্তু দিয়ে মাথা, কপালসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান মনিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত