গোয়ালন্দে ৪০ টাকার পেঁয়াজ ৯০ টাকা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৫ পিএম

ভারত সরকার হঠাৎ করে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। এতে দেশের বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে দ্বিগুণের বেশি। রাজবাড়ির গোয়ালন্দে ৪০ টাকা কেজি দরের পেঁয়াজ সর্বোচ্চ ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার প্রধান বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

ক্রেতাদের অভিযোগ, ভারত থেকে দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায়, গত বছরের মতো এবারও পেঁয়াজ নিয়ে সিন্ডিকেট শুরু হয়েছে।

পেঁয়াজ কিনতে আসা ক্রেতা সাদ্দাম হোসেন বলেন, গত হাটেও পেঁয়াজ কিনেছি ৪০ টাকা কেজি আর আজকের হাটে তার দাম ৯০ টাকা কেজি, এত দাম হলে কীভাবে পেঁয়াজ কিনব।

আরেক ক্রেতা আলতাফ সরদার জানান, দাম আরও বাড়ার আশঙ্কায় ৮০ টাকা কেজি দরে ১০ কেজি পেঁয়াজ কিনেছেন। দোকানদাররা জানিয়েছে পেঁয়াজ আর পাওয়া যাবে না।

বিক্রেতা কিয়াম উদ্দিন জানান, ৬০ টাকা কেজিতে কেনা পেঁয়াজ ৯০ টাকা কেজি বিক্রি করছেন। দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে তিনিসহ কোনো বিক্রেতাই জবাব দিতে পারেননি।

পেঁয়াজের আড়তদার মেসার্স আজমীরি বাণিজ্যালয়ের পরিচালক আজমীর হোসেন জানান, গোয়ালন্দ বাজারে বড় পেঁয়াজের আমদানি নাই, খুচরা ব্যবসায়ীরা গোয়ালন্দের বাইরে থেকে পেঁয়াজ কিনছে ,আমরা পাইকারিভাবে বড় পেঁয়াজ বিক্রি করছি না।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে বাজার পর্যবেক্ষণের জন্য অভিযান পরিচালনা করছেন, এ সময় দাম বৃদ্ধির সত্যতা পাওয়া যায়। নিয়মিত বাজার পর্যবেক্ষণ করছেন জানিয়ে ইউএনও আরও জানান, বেশি দামে যারাই পেঁয়াজ বিক্রি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত