সাতক্ষীরার তালায় বখাটের অত্যাচারে বিউটির প্রাণহানির ঘটনার রেশ টানতে না টানতে ফের রাস্তায় চলা নারীদের যৌন হয়রানির সময় সাধারণ মানুষ চিহ্নিত এক বখাটেকে হাতেনাতে আটক করে প্রশাসনের হাতে তুলে দিয়েছে।
তালার দোহার গ্রামে যৌন হয়রাণির ঘটনায় মো. আসাউদ্দিন সরদার (৩০) নামের এক বখাটে যুবকের ১ বছরের সাজা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। বখাটে আসাউদ্দিন উপজেলার দোহার গ্রামের মৃত. সিফাতুল্লাহ সরদারের ছেলে।
বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন এ রায় প্রদান করেন।
ইকবাল হোসেন জানান, একাধিক মামলার আসামী আসাউদ্দিন সরদার প্রতিনিয়ত রাস্তা-ঘাটে স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের আপত্তিকরভাবে উত্ত্যক্ত করতো। বুধবার বিকেলে রাস্তায় চলাচলরত নারীদের উত্ত্যক্তের সময় এলাকার মানুষ তাকে উপজেলার মাগুরাডাঙ্গা এলাকা থেকে আটক করে পুলিশ ও প্রশাসনের হাতে তুলে দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত বখাটে যুবক আসাকে এক বছরের সাজা প্রদান করেন।
ইউএনও ইকবাল জানান, এই সাজার ঘটনাটি বখাটের জন্য একটি সিগন্যাল। প্রশাসন নারীর প্রতি যে কোন ধরণের হয়রানি কঠোরভাবে প্রতিরোধ করবে।
