কক্সবাজারের এসপিসহ ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বদলি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৮ এএম

কক্সবাজারের এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনকে রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে কক্সবাজার জেলার এসপি হিসেবে বদলি হয়েছেন ঝিনাইদহ জেলার এসপি মো. হাসানুজ্জামান। গতকাল বুধবার এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বদলি হওয়া অন্য কর্মকর্তারা হলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মাসুদুর রহমান ভুঞাকে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিএমপির উপকমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলামকে ঝিনাইদহ জেলার এসপি এবং রাজশাহী জেলার এসপি মো. শহিদুল্লাহকে ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে বদলি  করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, কক্সবাজারে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার পর ওসি প্রদীপ কুমার দাস এবং বরখাস্ত পুলিশ পরিদর্শক লিয়াকত আলীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। তবে সিনহার পরিবারের পক্ষ থেকে দায়ের করা হত্যা মামলায় এসপির নাম উল্লেখ করার আবেদন করা হলেও আদালত তা খারিজ করে দেয়। কক্সবাজারের এসপি প্রায় দুই বছর ধরে কর্মরত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত