রাজধানীর ডেমরার বামৈল এলাকায় ডিএনডি খালে গোসল করতে নেমে আকাশী (১৩) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। বুধবার দুপুরে খেলার সঙ্গীদের সঙ্গে গোসল করতে নেমে সে তলিয়ে যায়।
সন্ধ্যায় খবর পাওয়ার পর উদ্ধার অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস। সন্ধ্যার পর থেকে আজ সকাল পর্যন্ত শিশুটির খোঁজ পায়নি।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, সন্ধ্যায় খবর পাওয়ার পর আমাদের ডুবুরি দল খালে তল্লাশি করেছে। এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
শিশুর বাবা দিনমজুর, মা গৃহকর্মী। বাবা আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, দুপুরে তিনি কাজে ছিলেন। কাজ থেকে ফিরে তিনি মেয়ে ডুবে যাওয়ার খবর পান।
ডেমরা থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, গতকাল থেকে শিশুটিকে খোঁজা হচ্ছে। এখনও তার সন্ধান মেলেনি।
