পর্যটকদের জন্য সুন্দরবন খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন খুলনা অঞ্চলের পর্যটন ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনার বিভাগীয় বন দপ্তরের সামনে এই মানববন্ধন হয়। মানববন্ধনে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস)-এর নেতারা জানান, সুন্দরবনে পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ থাকায় তারা মানবেতন জীবনযাপন করছেন। গত কয়েক মাসে তাদের ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
সমাবেশ থেকে নেতারা দাবি আদায় না হলে আগামীতে খুলনা-ঢাকায় সংবাদ সম্মেলনসহ কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে জানান। সংগঠনের সভাপতি মো. মঈনুল ইসলাম জমাদ্দারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেভিড, আলামীন লিটন, মাজহারুল ইসলাম কচি, শাহজামান খান, নজরুল ইসলাম বাচ্চু প্রমুখ।
