করোনা: হাসপাতালে চশমা পরা রোগীর সংখ্যা কম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৬ পিএম

চশমা ব্যবহার করেন এমন করোনা রোগীদের সংখ্যা চীনের হাসপাতালে কম দেখা গেছে। জেএএমএ জার্নালে প্রকাশিত একটি গবেষণা প্রবন্ধে বলা হয়েছে, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মাত্র ১০.৯ শতাংশ চশমা ব্যবহার করেন।

জার্নালের তথ্য অনুযায়ী, এই রোগীদের ৫.৮ শতাংশ দিনে আট ঘণ্টার বেশি চশমা ব্যবহার করেন।

বিজ্ঞানীরা শুরু থেকেই বলে আসছেন, করোনা নাক-মুখ দিয়ে যেমন শরীরে প্রবেশ করতে পারে, তেমনি চোখ দিয়েও করতে পারে। তাই সাধারণ মানুষকে চশমা ব্যবহার করতে উৎসাহ দেয়া হচ্ছে।

চীনের চিকিৎসকেরা বলছেন, উহানের হাসপাতালে তারা ধারণার চেয়ে পাঁচ গুণ কম চশমা পরা রোগী পেয়েছেন।

এই বিষয়টির সঙ্গে এসিই-২ রিসেপটরের সম্পর্ক আছে বলে ধারণা তাদের। এই যৌগটাকে বলা হয় করোনাভাইরাসের এন্ট্রি-পয়েন্ট।

বিজ্ঞানীরা লিখেছেন, ‘গবেষণায় দেখা গেছে, যারা দিনের অধিকাংশ সময় চশমা ব্যবহার করেন তাদের করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি কম। চশমার কারণে সাধারণ মানুষ চোখে কম হাত লাগান। এতে সংক্রমণ কমে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত