ভূমধ্যসাগর পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনা করেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। গত বুধবার তুর্কি প্রেসিডেন্ট দপ্তর বিবৃতিতে জানায়, ফোনালাপে এরদোয়ান ভূমধ্যসাগর পরিস্থিতি নিয়ে তুর্কি-গ্রিস বিবাদ নিরসনে আলোচনার ওপর জোর দেন। তবে এজন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে ন্যায্যতার ভিত্তিতে গঠনমূলক দৃষ্টিভঙ্গি রাখতে হবে। এরদোয়ান বলেন, ‘তুরস্ক আলোচনায় প্রস্তুত। একই সঙ্গে আঙ্কারা তার অধিকারের সুরক্ষার নীতি থেকে সরে আসবে না।’ তিনি ইউরোপীয় ইউনিয়নকে এই ইস্যুতে একতরফা গ্রিসের পক্ষ না নেওয়ারও আহ্বান জানান। পূর্ব ভূমধ্যসাগর ইস্যুতে তুরস্ক ও গ্রিসের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে জার্মানি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও যোগাযোগ রাখা হচ্ছে। এ ইস্যুতে গত সোমবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
×
